বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাট মেডিক্যাল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ও রাইসা ক্লিনিকের পরিচালক ডা. মো. আব্দুর রকিবকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও শোক সভা করেছে চিকিত্সকরা। বৃহস্পতিবার বেলা এগারোটায় বাগেরহাট সদর হাসপাতালের সামনে চিকিত্সকদের সংগঠন বিএমএ এই কর্মসূচির আয়োজন করে। তাদের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বাগেরহাটের স্বাস্থ্য বিভাগ, ডিপ্লোমা ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, ম্যাটসের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। তারা হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়াও দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট মেডিক্যাল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) কয়েকশ শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ রকিবের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। এই চিকিত্সকের ওপর যারা হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের হামলা আর কেউ চালাতে না পারে তার সে জন্য চিকিত্সক সমাজের জন্য নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করতে সরকারের কাছে দাবি জানান এই চিকিত্সক নেতারা। হামলাকারীদের বিচার না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।