স্বাস্থ্যবিধি অমান্য করায় সোয়া লাখ টাকা জরিমানা

স্বাস্থ্যবিধি অমান্য করায় রাজধানীতে ১৭ ব্যক্তি এবং ২১টি বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত। ডিএমপির ভ্রাম্যমাণ আদালত গতকাল রমনা, কলাবাগান, রামপুরা ও ডেমরা পৃথক চারটি থানা এলাকায় অভিযান চালায়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে রমনা থানা এলাকায় ৬ জনকে ৩৯ হাজার টাকা এবং কলাবাগান থানা এলাকায় ৬টি দোকানে ১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। রামপুরা থানা এলাকায় ৫টি দোকানে ৫টি মামলায় ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। ডেমরা থানা এলাকায় ১১ জনকে ১ হাজার ৯০০ টাকা, ৫টি দোকানকে ১১ হাজার টাকা এবং গুলশানে ৫টি দোকানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।