যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ হাজারের বেশি। মারা গেছে ৮০৯ জন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ২২ লাখ ৪৬ হাজার আর মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সংক্রমণ বাড়ছে। তবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশে করোনা সংক্রমণ বাড়লেও আর লকডাউনে যাবে না তার দেশ। বুধবার ফক্স নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট একথা বলেন।
সমপ্রতি হোয়াইট হাউসের অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ল্যারি কুদলো ও কোষাগার সচিব স্টিভেন এমনুচিন বলেছেন, হয়তো আর শাটডাউন করবে না যুক্তরাষ্ট্র। তাদের এ মন্তব্যের পর এবার লকডাউনে ‘না’ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত মার্চে লকডাউন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এতে বন্ধ হয়ে যায় অসংখ্য প্রতিষ্ঠান। বেকার হয়ে যান সাড়ে চার কোটির বেশি মানুষ। এতে বেকায়দায় পড়েছে ট্রাম্প প্রশাসন। করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতা, অর্থনৈতিক সংকট, সবশেষ জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের জেরে ট্রাম্পের জনপ্রিয়তায় রীতিমতো ধস নেমেছে।
অন্যদিকে, রাশিয়ায় প্রাদুর্ভাব শুরুর পর থেকে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৮৯ জন স্বাস্থ্যকর্মী মারা গেছে। দেশটির একটি স্বাস্থ্য বিষয়ক সংস্থা এই তথ্য দিয়েছে। করোনায় সংক্রমিত মানুষের সংখ্যার দিক দিয়ে বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় রাশিয়ার অবস্থান এখন তিন নম্বরে। দেশটিতে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৬১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সরকারিভাবে মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৭৬০ জন।
করোনা সংক্রমণের হিসাবে রাশিয়াকে টপকে আগেই দ্বিতীয় স্থানে উঠেছে এসেছে ব্রাজিল। দেশটিতে মোট সংক্রমিত হয়েছে প্রায় ৯ লাখ ৬৫ হাজার। আর মৃত্যু হয়েছে ৪৬ হাজার ১১৮ জনের। গোটা বিশ্বে গতকাল পর্যন্ত সংক্রমিত লোকের সংখ্যা ৮৫ লাখ ১২ হাজার। আর মোট মৃত্যু ৪ লাখ ৫৩ হাজার।
অপরদিকে, ভারতের পরিস্থিতিও সব মিলিয়ে খারাপ বলা চলে। দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার জন। গত ২৪ ঘণ্টাতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১০৭ জন আর মৃত্যু হয়েছে ৩০৯ জনের। দেশটিতে মোট ১২ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে মাঝের কয়েটা দিন সংক্রমণ কিছুটা কমলেও সংক্রমণ ও মৃত্যু দুটোই ফের বেড়েছে।