৪৫ বছর পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমপি নির্বাচিত

দীর্ঘ ৪৫ বছর পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের  মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে এবার এমপি নির্বাচিত হয়েছেন।

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসনটিতে মামলাজনিত কারণে কায়কোবাদ দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় এবার নির্বাচন করতে না পারায় প্রভাবশালী এই পরিবারের হাতেই রয়েছিল ধানের শীষ। এ আসনটি বিএনপির দুর্গ হওয়ায় ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. ওয়ালী আহাম্মদের পর আর জয়ের মুখ দেখেনি আওয়ামী লীগ। তবে গত ২০১৪ সালের নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউছুফ আবদুল্লাহ হারুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় ও বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত থাকায় আওয়ামী লীগের শক্তি-সামর্থ্য বৃদ্ধি পায়। ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি নির্বাচিত হওয়ার পর গত ৫ বছর ধরে তিনি উন্নয়ন কর্মকাণ্ড চালিয়েছেন অনেকটা স্বাচ্ছন্দ্যেই। তিনি এমপি নির্বাচিত হওয়ার পর এ এলাকায় বিদ্যুত্, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ও আমূল পরিবর্তন আসায় এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ইউছুফ আব্দুল্লাহ হারুন নৌকা মার্কায় নির্বাচন করে এ আসনটিতে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করেন।

দীর্ঘদিন পর এ আসনটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়লাভ করায় এখানকার দলীয় নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত।