বয়সে তরুণ হলেও তার মধ্যে পেস আগ্রাসনের সবটাই আছে। মাত্র ১৭ বছর বয়সেই টেস্ট ক্যারিয়ারের শুরুতে একটা হ্যাটট্রিক পেয়ে যাওয়া মুখের কথা নয়। সেই অভিজ্ঞতা দিয়েই এবার ইংল্যান্ডকে সতর্ক করে দিলেন পাকিস্তানি পেসার নাসিম শাহ।
আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে চার টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন নাসিম বলেন, ‘তারা (ইংল্যান্ড) যদি আমাকে ছোটো বাচ্চার মতো দেখে, তাহলে এটা হবে তাদের জন্য অনেক বড়ো ক্ষতি। বয়স দিয়ে কিছু যায় আসে না, এখানে মূল বিষয় হলো আমার বোলিং। তাদের আমাকে গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন।’
গত নভেম্বরে ব্রিসবেনে মাত্র ১৬ বছর ২৭৯ দিন বয়সে টেস্ট অভিষেক হয় নাসিমের। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে এত কম বয়সে টেস্ট খেলেনি আর কেউ। ম্যাচটিতে মাত্র একটি উইকেট পেলেও গতি দিয়ে প্রতিপক্ষকে বেশ ভুগিয়ে ছিলেন তিনি। ইংলিশদেরও কাবু করতে চান গতি দিয়েই।
তিনি বলেন, ‘গতি গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ গতিতে বোলিং করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। আর ঐ গতির সঙ্গে যদি বলে সুইং ও রিভার্স করাতেপারি, এটা নিশ্চিত ভাবে ব্যাটসম্যানদের চাপে ফেলবে।’
এখন পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন ওয়াকার ইউনিস। কিংবদন্তি এই পেসারের সঙ্গে কাজ করে নাসিম হতে চান আরো পরিণত, সময়ের সেরা পেসারদের একজন, ‘আমি ক্রিকেটের সে সব গ্রেট বোলারদের অনুসরণ করতে চাই, যারা গতি ও আগ্রাসন দিয়ে নামিদামি ব্যাটসম্যানদের ভুগিয়েছেন। বিশ্বের সেরা তিন ফাস্ট বোলারের একজন হয়ে উঠতে চাই। আমার বিশ্বাস, আমাকে শেখানোর জন্য ওয়াকার ইউনিসের চেয়ে আর ভালো কোচ নেই, যিনি নিজেই সেরাদের একজন।’