গত দুই বছর বন্যার পানিতে তলিয়ে গেছে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া এলাকার সড়কটি। সেখানে পানি প্রবাহ নির্বিঘ্ন করে মানুষের চলাচল স্বাভাবিক করতে নির্মিত হচ্ছিল একটি কালভার্ট। কাজ প্রায় শেষ, বাকি ছিল অ্যাপ্রোচ সড়ক। এরই মধ্যে ভারী বর্ষণে বুধবার পানির স্রোত আস্ত কালভার্টটি ভাসিয়ে নিয়ে যায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আতিকুল্লাহ কোম্পানি বলেন, মনে হচ্ছে কালভার্টটি নির্মাণে কোনো রড ব্যবহার করা হয়নি। তাই বুধবার বিকালের দিকে কালভার্টটি বৃষ্টির পানিতে ভেসে একপাশ পানিতে তলিয়ে গেছে। ওপরে যে অংশ দেখা যাচ্ছে তাতে কোনো রড দিয়েছে বলে মনে হচ্ছে না। শুধু সিমেন্ট আর বালির উপস্থিতি রয়েছে। তবে স্থানীয় কাউন্সিলর আক্তার কামাল আজাদ বলেন, সাগরের পানি যাতে কালভার্টের গোড়ায় না আসে সে জন্য একটা বাঁধ দেওয়া হয়েছিল। প্রচণ্ড বৃষ্টিতে বাঁধের মধ্যে সাত-আট ফুট পানি জমে যায়। পানি সরানোর জন্য বাঁধটির একটা অংশ কেটে দিলে স্রোত সৃষ্টি হয়। সেই স্রোতেই কালভার্টটি ভেঙে গেছে। কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আলম জানিয়েছেন, কালভার্টটির জন্য পৌরসভা থেকে অর্থায়ন করা হয়নি। সে জন্য আমরা এটির তদারকি করছি না। তাহলে এটি তৈরির অর্থ আসছে কোন সূত্র থেকে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় কাউন্সিলর কিভাবে অর্থায়ন করছেন সেটি আমাদের জানা নেই।