বরিশালে রেড জোন হিসেবে চিহ্নিত ২৭ ওয়ার্ড

বরিশাল সিটি করপোরেশনের ৩০ ওয়ার্ডের মধ্যে ২৭ ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভাগের ছয় জেলায় শুক্রবার দুপুর দুইটা পর্যন্ত আক্রান্তের ১ হাজার ৮৭৮ জনের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের এলাকাতেই রয়েছে ৮৬০ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, সিটি এলাকাসহ বরিশাল জেলায় ১ হাজার ৯০, পটুয়াখালীতে ২২২, ভোলায় ১৭৬, পিরোজপুরে ১৩৩, বরগুনায় ১৪৬ ও ঝালকাঠী জেলায় ১১১ জন আক্রান্ত হয়েছে। প্রথম ধাপে নগরীর ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডকে পুরোপুরি লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। লকডাউন শুরুর তারিখ দ্রুত জানানো হবে।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভায় বরিশাল সিটি করপোরেশনের রেড জোন চিহ্নিত এলাকাসমূহে জনসাধারণের চলাচল ও সার্বিক কার্যাবলী নিয়ন্ত্রণের জন্য ওয়ার্ডভিত্তিক লকডাউন করার বিষয়, লকডাউন চলাকালীন স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা, নৌপথ ও সড়ক পথে যানবাহন চলাচলের সীমাবদ্ধতা, লকডাউন এলাকার জনগণের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়াসহ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রথম ধাপে নগরীর ১২ নম্বর ও ২৪ নম্বর ওয়ার্ডকে পুরোপুরি লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে ধাপে ধাপে বরিশাল সিটির সব রেড জোন চিহ্নিত ওয়ার্ডকে লকডাউনের আওতায় আনা হবে। বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, লকডাউন শুরুর তারিখ খুব শিগিগর জানানো হবে।