মনোহরগঞ্জে মসজিদ থেকে ব্যাটারি চুরির হিড়িক

করোনা পরিস্থিতিতেও থেমে নেই চুরি। তাও আবার মসজিদে। কুমিল্লার মনোহরগঞ্জে মসজিদের তালা ভেঙে ব্যাটারি চুরির খবর পাওয়া গেছে। মসজিদকেন্দ্রিক এসব প্রতারকচক্রের কবলে পড়ে শতাধিক ব্যাটারি, মাইকের মেশিনসহ সব হারিয়েছেন অনেক মসজিদ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকালে উপজেলার লত্সর মিয়াবাড়ি শাহী জামে মসজিদে চুরির ঘটনা ঘটে।

লত্সর মিয়াবাড়ি শাহী জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের আজান দিতে এসে মসজিদের মূল ফটকের তালা ভাঙা দেখতে পান। ভিতরে প্রবেশ করে দেখেন ১২ ভোল্টের প্রায় ২০ হাজার টাকা মূল্যের তিনটি ব্যাটারির একটিও নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, করোনা পরিস্থিতির মতো এমন একটি সময়ে মসজিদের ব্যাটারি চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি উদ্ঘাটন সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।