রাজশাহীতে প্রকাশ্যে ভিভো শো-রুমের ৩৩ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত শো-রুমের দুই সাবেক ও তিন বর্তমান কর্মচারী। ছিনতাইকৃত ৩৩ লাখ টাকার মধ্যে ৩২ লাখ টাকা উদ্ধারের পর শুক্রবার দুপুরে এ সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেছে পুলিশ। আটক তিন বর্তমান কর্মচারীর তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নগরীর বালিয়া সেনপুকুর এলাকা থেকে ৩২ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ভিভোর বর্তমান কর্মচারী মেহেদী হাসান ফয়সাল ও তাইজুল ইসলাম ডলার এবং জাফর ইকবালকে গ্রেফতার দেখানো হয়েছে। ভিভোর দুই সাবেক কর্মচারী আরিফুল ইসলাম ও অহিদুল ইসলাম পলাতক।
শুক্রবার দুপুরে নগরীর বোয়ালিয়া মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ভিভোর টাকা আত্মসাতের জন্যই ছিনতাই নাটক সাজানো হয়েছিল।
বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারুণ চন্দ্র বর্মণ জানান, সিসিটিভির ফুটেজ দেখে এবং দুই কর্মচারীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে টাকা উদ্ধার এবং অন্যদের চিহ্নিত করা হয়েছে।