দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আট জন। শুক্রবার সকাল ও বৃহস্পতিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
স্টাফ রিপোর্টার, রাজশাহী :নগরীর খড়খড়ি বাইপাস সড়কে শুক্রবার সকাল সাড়ে ৬টায় পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় চালকের মৃত্যু হয়। নিহত ট্রাক চালক ইসহাক আলী কুষ্টিয়ার সদর থানার মঙ্গলবাড়িয়া গ্রামের বাসিন্দা।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) :ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রহমতগঞ্জ নামক স্থানে শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহত রাসেল মিয়া তারাকান্দা উপজেলার সাধুপাড়া খিচা গ্রামের আবু সাঈদের ছেলে।
কালিয়াকৈর (গাজীপুর) :গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে বাইসাইকেল আরোহী মো. কামাল হোসেন নিহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লি বিদ্যুত্ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বেড়াডাকুরী গ্রামের মো. হায়দার আলীর ছেলে।
বাগমারা (রাজশাহী) :বাগমারায় শুক্রবার দুপুরে গরু বোঝাই ইঞ্জিনচালিত শ্যালো গাড়ি উলটে মিস্টার হোসেন নামের এক গরু ব্যবসায়ী নিহত ও পাঁচ জন আহত হয়েছে। বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জ :কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার আগরপুর নামক স্থানে বৃহস্পতিবার রাতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মানিক রায় নামের অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই জন।