গত কয়েক দিনের টানা বর্ষণে ডিএনডির নিম্নাঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সংসদ সদস্যের ত্বরিত সিদ্ধান্তে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে উচ্চক্ষমতাসম্পন্ন দুটি সেচ পাম্প চালু করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পুরাতন পাম্প হাউজের পাশে নতুন পাম্প হাউজে বিকল্প ব্যবস্থায় পাম্প দুটি চালুর সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, ডিএনডি পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (দ্বিতীয় ফেজ) প্রকল্পের পরিচালক লে. কর্নেল মুহাম্মদ মাশফিকুল আলম ভুঁইয়া। এ পাম্প চালুর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জলাবদ্ধতা কমে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পাম্প দুটি চালুর সময় শামীম ওসমান বলেন, প্রকল্পের কাজ শেষ হলে রাজধানীর হাতিরঝিলের চেয়ে বেশি দৃষ্টিনন্দন হবে এ ডিএনডি এলাকা। প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান প্রকৌশলী মো. সিদ্দুিকর রহমান জানান, নতুন করে বৃষ্টি না হলে এ পাম্প চালুর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই পানি দ্রুত নেমে যাবে। প্রকল্পের পরিচালক পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুল কবির জানান, চলতি জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৫৫৮ কোটি থেকে এখন ১ হাজার ৩০০ কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে, যা অনুমোদনের জন্য একনেকে রয়েছে।