নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরো এক জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল । নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১৮ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন মোট ৪ হাজার ৪৯০ জন। মৃতের তালিকায় যুক্ত মোক্তার সিটি এলাকার হাজীগঞ্জ এম সার্কাস এলাকার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হয়নি। এমন পরিস্থিতিতে আড়াই মাস আগে প্রধানমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও স্থানীয় ৩০০ শয্যার হাসপাতালে এ পর্যন্ত আইসিইউ স্থাপিত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। গতকাল শহরের রাইফেল ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
গতকাল শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন সিটি করপোরেশন এলাকার পাঁচ জন, রূপগঞ্জের ৬০ জন, বন্দর উপজেলার ১০ জন, আড়াইহাজারে ২৪ জন ও সোনারগাঁয়ে ১৯ জন। সদর উপজেলায় কানো করোনা রোগী শনাক্ত হয়নি। সূত্রমতে সিটি করপোরেশন এলাকায় এ পর্যন্ত মারা গেছেন ৫৮ জন ও আক্রান্ত ১ হাজার ৫৫২ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২১ জন ও আক্রান্ত ১ হাজার ১৩০ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৪১ ও মারা গেছেন তিন জন। আড়াইহাজারে আক্রান্ত ৪৩৮ ও মারা গেছেন তিন জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৩৮০ ও মারা গেছেন ১৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন দুই জন ও ৮৪৯ জন আক্রান্ত। এই পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৪৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬৭ জনের। এলাকাভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি করপোরেশনে ৬ হাজার ৪৩২, সদর উপজেলায় ৪ হাজার ২৯৮, বন্দরে ৯২৮, আড়াইহাজারে ২ হাজার ৮০, সোনারগাঁয়ে ১ হাজার ৬৪৮, রূপগঞ্জে ৬ হাজার ১১২ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ হাজার ৯৮৬ জন। এরমধ্যে সিটি করপোরেশন এলাকার ৯৩২ জন, সদর উপজেলার ৪৭১ জন, রূপগঞ্জের ১৯২ জন ও আড়াইহাজারের ১৯০ জন, বন্দরের ৩০ ও সোনারগাঁয়ের ১৭১ জন।