গাজীপুরে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান করল সেনাবাহিনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এরিয়া সদর দপ্তর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় গাজীপুরে বিনামূল্যে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী শতাধিক গর্ভবতী নারীকে এ সেবা প্রদান করা হয়। এ সময় ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মো. রাজিব হোসেন খান, ১১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর অধিনায়ক লে. কর্নেল মো. ফখরুল আলম এবং মেজর মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

লে. কর্নেল মো. রাজিব হোসেন খান জানান, বিভিন্ন পরীক্ষা এছাড়াও তাদের প্রয়োজনীয় সহায়ক ও উপহারসামগ্রীর বক্স ম্যাক্সি, হরলিক্স এবং স্যানিটারি প্যাড বিনামূল্যে প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, এরিয়া সদর দপ্তর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় গত ১৩ জুন মানিকগঞ্জ ও ১৬ জুন নরসিংদীতে একই কর্মসূচির মাধ্যমে ৯০ জন ও ৮৪ জন গর্ভবতী মায়ের বিনামূল্যে চিকিত্সাসেবা ও উপহারসামগ্রী প্রদান করা হয় এবং আগামী ২১, ২২, ২৩, ২৮, ২৯ জুন এবং ৫ জুলাই শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং ঢাকায় একই ধরনের কর্মসূচির আয়োজন করা হবে।