চট্টগ্রামে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য ‘কুইক রেসপন্স টিম’

রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে সার্বিক সহযোগিতা দিতে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। বৃহস্পতিবার পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী এ কমিটি গঠন করেন। ১০ সদস্যের ওই কমিটির নেতৃত্ব দেবেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান চিকিত্সা কর্মকর্তা (সিএমও) ডা. সামসুল আলম। কমিটির অন্য সদস্যরা হলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাদেকুর রহমান, ঢাকার বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এ এম সালাহ উদ্দিন, পাহাড়তলীর ডিএমও চিন্ময় বিশ্বাস, ঢাকার ডিএমও ইবনে শফি আবদুল আহাদ।

এছাড়া কমিটিতে আছেন পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী, ঢাকার ডিসিও মো. শওকত জামিল মোহসী, পূর্বাঞ্চলের এজিএম জোবেদা আক্তার, পূর্বাঞ্চলের (এমই/সদর) জাহিদ হাসান ও পূর্বাঞ্চলের এসও-১ মো. আবু খালেদ চৌধুরী।

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে কুইক রেসপন্স টিম আক্রান্ত ব্যক্তি বা পরিবারের সঙ্গে যোগাযোগ করবে। প্রয়োজনে তাদের চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, সুরক্ষা সামগ্রীসহ অন্যান্য যে কোনো প্রয়োজন এ টিম পূরণ করবে।