ওবামার ‘ড্রিমার্স’ প্রকল্প বাতিলে ট্রাম্পের বিল আটকে দিল সুপ্রিম কোর্ট

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে নেওয়া একটি প্রকল্পে যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রবিহীন তরুণ-তরুণীদের অস্থায়ীভাবে থাকা  ও কাজের সুযোগ দেওয়া হয়েছিল। শৈশবে বাবা-মায়ের সঙ্গে বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে যাওয়া এ অনিবন্ধিতরাই ‘ড্রিমার্স’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্র থেকে তাদের ‘বিতাড়ন’ আটকাতে ২০১২ সালে ওবামা প্রশাসন ডিএসিএ বা ড্রিমার্স প্রকল্প নিয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প ‘ড্রিমারদের’ এ সুরক্ষা কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেন। এতে ঐসব শ্রেণির লোকদের ভবিষ্যত্ ঝুঁকির মুখে পড়ে যায়। কিন্তু বৃহস্পতিবার মার্কিন সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারক কর্মসূচিটি বাতিলে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার বিপক্ষে অবস্থান নেন।

ওবামা আমলের এ কর্মসূচি বাতিলে ২০১৭ সালে ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্তকে আগেই ‘বিধিবহির্ভূত’        বলেছিল নিম্ন আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারক নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রাখার পক্ষে অবস্থান নেন, বিপক্ষে থাকেন চার জন। রক্ষণশীল হিসেবে খ্যাত প্রধান বিচারক জন রবার্টস এদিন সুপ্রিম কোর্টের চার উদারপন্থি বিচারকের সঙ্গে একত্রে ট্রাম্প প্রশাসনের নেওয়া পরিকল্পনার বিরোধিতা করেন। ড্রিমারদের সুরক্ষা বাতিলে মার্কিন প্রশাসনের পদক্ষেপকে ‘খামখেয়ালি ও অবিবেচনাপ্রসূত’ কাজ বলে অভিহিত করেন তারা। সুপ্রিম কোর্টের আদেশের ফলে অস্থায়ীভাবে থাকা প্রায় সাড়ে ৬ লাখ তরুণ-তরুণী আরো দুই বছর কাজ করার সুযোগ পেয়ে গেলেন। —বিবিসি