ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে অবস্থানকারী রোগী, চিকিত্সক, নার্স ও অন্য কর্মীরা কেউ যাতে ডেঙ্গুতে আক্রান্ত না হন, সে জন্য আজ শনিবার থেকে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু হবে। গতকাল শুক্রবার ডিএনসিসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালগুলোতে অনেক সময় রোগীদের জন্য মশারি থাকে না বা টানানো হয় না। সেখানে এক জন ডেঙ্গুতে আক্রান্ত হলে অনেকের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই হাসপাতাল এলাকায় এডিস মশার বিস্তার রোধে আগামী এক সপ্তাহ হাসপাতাল এবং এর আশপাশের এলাকাগুলোতে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। মশক নিধন কার্যক্রমের মধ্যে সকালে লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) এবং বিকালে এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হবে। এরই মধ্যে ডিএনসিসির পরিচালনায় হাসপাতালগুলোর আঙিনায় এবং আশপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়েছে। ডিএনসিসির অন্যান্য এলাকায় স্বাভাবিক মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।