লন্ডনের অলিম্পিয়া থেকে প্রকাশিত হচ্ছে মোস্তফা কামালের উপন্যাস ‘দ্য মাদার’

জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামালের থ্রি নভেলসের পর এবার তার সাড়া জাগানো উপন্যাস ‘জননী’র ইংরেজি সংস্করণ ‘দ্য মাদার’ প্রকাশ করছে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা লন্ডনের অলিম্পিয়া পাবলিশার্স। উপন্যাসটি লন্ডন থেকে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের দেশগুলোতে পৌঁছানোর দায়িত্ব পালন করছে আমাজন।

এ ছাড়া, বিশ্বব্যাপী অলিম্পিয়া পাবলিশার্সের বিদ্যমান যে বাজার ব্যবস্থা চালু রয়েছে তার মাধ্যমেও উপন্যাসটি পাঠকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করবে। অলিম্পিয়া দুটি ফরমেটে দ্য মাদার প্রকাশ করছে। পেপার ব্যাক ও ই বুক ফরমেট। আমাজন চলতি মাসেই দুই ফরমেটে বাজারে নিয়ে আসছে। ২০১৪ সালে পার্ল পাবলিকেশন্স থেকে প্রথম প্রকাশিত হয় জননী। প্রকাশের পরেই বইটি ব্যাপকভাবে সমাদৃত হয়। ইতিমধ্যেই জননীর চতুর্থ সংস্করণ বাজারে এসেছে।

লেখক মোস্তফা কামাল তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, লন্ডনের অলিম্পিয়া পাবলিশার্স থেকে বই বের হওয়া যেকোনো রাষ্ট্রীয় পুরস্কারের চেয়েও বড় ব্যাপার বলে মনে করি। আমার সেরা বিবেচনায় আমার উপন্যাসগুলোর মধ্যে একটি জননী। -প্রেস বিজ্ঞপ্তি