তালায় স্ত্রীর পর স্বামীও করেনা পজেটিভ, মোট আক্রান্ত ১৬

সাতক্ষীরার তালায় স্ত্রী মোছা. রুমা বেগমের করোনা পজিটিভ আসার পর তার স্বামী মো. মনিরুজ্জামানের (৩৪) করোনা পজিটিভ এসেছে। তিনি উপজেলার নগরঘাটা গ্রামের রাইচ মিল মোড় বাগেরখাল এলাকার দফাদার আরশাদ আলীর পুত্র।

শনিবার (২০ জুন) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় করোনা আক্রান্ত যুবকের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়।

এ নিয়ে তালা উপজেলায় ৫ নারীসহ মোট ১৬ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হলেও একজন ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, আক্রান্ত যুবকের বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সকল ধরনের সহায়তার জন্য পুলিশ সবসময় তাদের পাশে আছে জানিয়ে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার পর্যন্ত জেলায় মোট ৯৫ জনের করোনা পজিটিভ এসেছে এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন।

ইত্তেফাক/এমআর