করোনাকালে মেডিক্যাল সরঞ্জাম নিয়ে দুর্নীতি, গ্রেফতার জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী

করোনা মোকাবেলায় প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে শুক্রবার গ্রেফতার করা হয়েছে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাডিয়া মোয়ো’কে। দেশটির দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে  এমনটি জানানো হয়েছে। জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার বিভিন্ন সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে। 

জানা গেছে,  গ্রেফতারের পর মোয়োকে হারারের একটি পুলিশ স্টেশনে রাখা হয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হবে। 

 ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনা মোকাবেলায় প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম সরবরাহের জন্য ড্রাক্স ইন্টারন্যাশনাল নামের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে  অবৈধভাবে  ৬ কোটি ডলারের কাজ পাইয়ে দেন  জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাডিয়া মোয়োর ।  এই দুর্নীতির খবর প্রকাশ হতেই গত সপ্তাহে ওই চুক্তি স্থগিত করেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানগাওয়া। এছাড়া  ড্রাক্স ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্থানীয় প্রতিনিধিকেও গ্রেফতার করা হয়।

স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতারের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি জিম্বাবুয়ে সরকার।

জিম্বাবুয়েতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন। মারা গেছেন চার জন। 

ইত্তেফাক/এআর