আইট্রিপলই এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রথম ভার্চুয়াল কনফারেন্স টেনসিমপ ২০২০ অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

বাংলাদেশ তথা আই-ট্রিপল-ই এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইতিহাসে প্রথম সমপূর্ণ ভার্চুয়াল কনফারেন্স  আইট্রিপলই টেনসিমপ ২০২০ অনুষ্ঠিত হলো জুনের ৫ থেকে ৭ তারিখে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে প্রতিযোগীতার মধ্য দিয়ে ২০২০ সালে আইট্রিপলই এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম এ ফ্ল্যাগশিপ কনফারেন্সটির অষ্টম আসর আয়োজনের অনুমোদন পায় বাংলাদেশ।

সর্বাধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাবহারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারেরও বেশি প্রযুক্তিবিদ এ ভার্চুয়াল কনফারেন্সে যোগদান করে তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। বিশ্বের ১৬০টি দেশের ৪ লাখেরও অধিক সদস্য নিয়ে আইট্রিপলই বিশ্বের সর্ব বৃহত্ পেশাদার প্রযুক্তিবিদদের সংগঠন। বৈশ্বিক এ সংগঠনের বাংলাদেশি সাংগঠনিক ইউনিট আইট্রিপলই বাংলাদেশ সেকশনের সদস্য ৩৫০০ এরও বেশি ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদ এবং এর বিস্তার দেশের ৫১টি বিশ্ববিদ্যালয় জুড়ে। আইট্রিপলই বাংলাদেশ সেকশনের বর্তমান প্রধান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিয়া শাহনাজ। 

আইট্রিপলই-এর প্রেসিডেন্ট অধ্যাপক তোশিও ফুকুদা এবং ভাইস-প্রেসিডেন্ট (এমজিএ) অধ্যাপক কুকজিন চুন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সমাপনী অনুষ্ঠানে অংশ নেন সংগঠনটির এশিয়া প্যাসিফিক রেজিওন এর এডভাইসরি কমিটির সদস্য অধ্যাপক লরেন্স ওং। তাছাড়াও সংগঠনটির এশিয়া প্যাসিফিক রেজিওন এর ডিরেক্টর  অধ্যাপক আকিনোরি নিশিহারা উভয় অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন।