২০১১ বিশ্বকাপ ফাইনাল তদন্ত করবে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

প্রমাণ চেয়েছিলেন দুই কিংবদন্তি—মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। আর শ্রীলঙ্কান সরকারও বিষয়টি নিয়ে খুব দ্রুতই নিজেদের অবস্থান ব্যাখ্যা করল। সাবেক ক্রীড়ামন্ত্রীর আনা অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়েছে তারা। ২০১১ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল পাতানো ছিল কি না, এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে লঙ্কান ক্রীড়া মন্ত্রণালয়।

এক বিবৃতিতে শুক্রবার শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দুলাস আলাহাপেরুমা জানান, দুই সপ্তাহ পরপর তদন্তের অগ্রগতির প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নয় বছর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে প্রথমে ব্যাট করে ২৭৪ রান করেছিল শ্রীলঙ্কা। ১০ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত। ঘরে তোলে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা। এতদিন পর গত বৃহস্পতিবার সেই ম্যাচ নিয়ে অভিযোগ তোলেন সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে। স্থানীয় একটি টিভি চ্যানেলে তিনি দাবি করেন, শ্রীলঙ্কার বেশ কয়েকজন খেলোয়াড়ও নাকি তাতে জড়িত ছিলেন। দ্রুত প্রতিক্রিয়া জানান মাহেলা জয়াবর্ধনে ও দলকে সেই ম্যাচে নেতৃত্ব দেওয়া কুমার সাঙ্গাকারা। জয়াবর্ধনে প্রমাণ দিতে বলেন আলুথগামাগেকে। সাঙ্গাকারা উড়িয়ে দেন তার অভিযোগ, দাবি করেন আইসিসির হস্তক্ষেপ। তবে একটা ব্যাপার সত্যি যে—ঐ ম্যাচটিকে ঘিরে অনেকদিন ধরেই কানাঘুষা ছিল। ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেছে শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তিনিও ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে সন্দেহের আঙুল তুলেছিলেন বছর তিনেক আগে।

২০১৭ সালের জুলাইয়ে রানাতুঙ্গা বলেন, ‘যখন আমরা হেরে যাই, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। মনের মধ্যে একটা সন্দেহ জাগে। শ্রীলঙ্কার আসলে কি হয়েছিল, অবশ্যই ২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে তদন্ত করা উচিত। আমি এখনই সবকিছু বলতে চাচ্ছি না। তবে একদিন বলব। অবশ্যই এটা নিয়ে তদন্ত হওয়া উচিত।’