স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক ও হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোহসিন এই করোনা মহামারির শুরু থেকেই মানুষের জন্য কাজ করছেন। এবার তারা প্রায় ৪ হাজার দুস্থ পরিবারের পাশে দাঁড়ালেন।
মহামারির শুরু থেকে এই সময়ে করণীয় নিয়ে সচেতনতা তৈরির জন্য মানুষের মাঝে লিফলেট বিলি করেছেন মহসিনরা। এছাড়া ব্যানার টানানো, সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতার কাজ করেছেন তারা। মহসিন নিজের শহর গাজীপুর ও টঙ্গীতে কাজ করেছেন।
ঢাকার উত্তরা, মিরপুর, কালশি, পল্লবী, বাড্ডা, রামপুরাসহ আরো বিভিন্ন এলাকায় ৪ হাজার প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। টঙ্গিতে ৩ হাজার ২৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। এবার ইয়ুথ পলিসি ফোরামের সঙ্গে মিলে তারা দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র মানুষের জন্য খাবার ও সহায়তার কাজ করছেন। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির কাছ থেকে তহবিল সংগ্রহ করেছেন তারা।