বিনোদন রিপোর্ট
নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছেন দুই প্রজন্মের অন্যতম এই দুই শিল্পী। প্রথমবারের মতো সৈয়দ আব্দুল হাদী ও আসিফ আকবর কণ্ঠ দিলেন এক গানে। গানের শিরোনাম ‘বাবা-ছেলের টান’। গানে গানে তারা বলবেন বাবা ও ছেলের মধ্যকার সম্পর্ক, প্রেম-ভালোবাসা, আবেগ আর দায়িত্ববোধের কথা। যেখানে বাবার কথাগুলো গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী, আর ছেলের কথাগুলো শোনা যাবে আসিফ আকবরের কণ্ঠে। বাবা দিবস উপলক্ষে গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। সুহূদ সুফিয়ানের কথায় গানটির সুর করেছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কিশোর দাশ। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ ও কিশোর দাস।