কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের একদিন পর সিয়াম নামে ৬ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে পাটক্ষেতের মাঝখানে মৃত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি।
সিয়াম উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর তেলিটারী গ্রামের টাইলস মিস্ত্রি জায়েদুল হকের ছেলে।
নিহতের বাবা জায়েদুল হক জানান, শুক্রবার বিকেল থেকে ছেলেকে অনেক জায়গায় খুঁজেও পাওয়া যায়নি। শনিবার দুপুরে বাড়ির ৫০গজ দূরে সলিমুদ্দিনের পাটক্ষেতে পাতা তুলতে গিয়ে স্থানীয় কিশোর আসলাম ও রাসেল তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে অন্যদের জানায়। শিশুটির গলায় দাগ এবং একগুচ্ছ পাটের আঁশ তখনো গলায় জড়ানো অবস্থায় ছিল।
আরও পড়ুন: ভ্যান ছিনতাই করতেই খুন করা হয়েছিল জিয়াউরকে
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে প্রেরণ করা হবে। এখনো মোটিভ জানা যায়নি।
ইত্তেফাক/এসি