ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর ভাটারার নূরেরচালা এলাকার বাসা থেকে খাদিজা আক্তার নিঝুম নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। মৃত তরুণী একটি বিউটি পার্লারে কাজ করতেন। পুলিশের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ভাটারা থানার এসআই আব্দুল শাকুর জানান, নূরেরচালা এলাকার একটি বাসায় সাবলেট থাকতেন খাদিজা। একই ঘরে তার সঙ্গে থাকতেন কাজল নামের আরেক তরুণী। ঘটনার রাতে খাদিজা ঘরে একা ছিলেন। রাতে বাসায় ফিরে তার ঝুলন্ত নিথর দেহ দেখতে পান কাজল। তিনি তখনই ঐ বাসার মূল ভাড়াটে রাকিবুলকে বিষয়টি জানান। রাকিবুল গিয়ে তার নিথর দেহ নামিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সক জানান, আরো আগেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। খাদিজার গ্রামের বাড়ি দিনাজপুর। বাবার নাম দবিরুল ইসলাম। রাকিবুল জানান, কী কারণে এমন ঘটনা ঘটেছে বুঝতে পারছেন না। খাদিজার সঙ্গে থাকা মেয়েটি তাকে ফোন করে জানালে তিনি ঐ ঘরে যান। তিনি একটি বিউটি পার্লারে ম্যানেজার হিসেবে কাজ করেন। এর সুবাদে খাদিজাসহ দুই জনকে সাবলেট দিয়েছিলেন।