খুলনা অফিস
খুলনায় রোগীর স্বজনদের হামলায় নিহত ডা. আব্দুর রকিব খান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আব্দুল কুদ্দুসকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শনিবার সকালে রূপসা উপজেলার পালেরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ডা. রকিব হত্যা মামলায় পুলিশ ছয় আসামিকে গ্রেফতার করেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার পালেরহাট থেকে ডা. আব্দুর রকিব খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, গত বুধবার রাতে অভিযান চালিয়ে ডা. রকিব হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জমির, আবুল আলী, গোলাম মোস্তফা ও খাদিজাকে গ্রেফতার করা হয়। এছাড়া গত মঙ্গলবার রাতে আব্দুর রহিম নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়।