গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে বিলীনের পথে চিলাখাল চর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়রা জানান, উজানে পারুলিয়া থেকে তিস্তার একটি ছড়া বের হয়ে বিদ্যালয়ে এসে সরাসরি আঘাত করছে। ফলে বিদ্যালয়ে ভাঙন দেখা দিয়েছে। বিদ্যালয়ের একটি ভবনের কিছু অংশ এরই মধ্যে নদীতে চলে গেছে। স্থানীয়দের আশঙ্কা, বড়ো ধরনের বন্যা দেখা দিলে বিদ্যালয়ের পুরাতন ভবনটি যে কোনো সময় তিস্তায় বিলীন হবে। একই সঙ্গে নতুন ভবনটিও যে কোনো সময় তিস্তার গর্ভে বিলীন হবে। সরেজমিনে দেখা যায়, পুরাতন ভবনটি প্রায় ২০ ফুট অংশ নদীতে ভেঙে গেছে। লোকজন বাঁশ দিয়ে বিদ্যালয়টি রক্ষার চেষ্টা করছে। তৃতীয় শ্রেণির এক ছাত্রীর অভিভাবক ছাদেকুল ইসলাম বলেন, বিদ্যালয়টি ভাঙলে বাচ্চার লেখাপড়া কী হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, বর্তমানে বিদ্যালয়ে ১৪২ জন শিক্ষার্থী রয়েছে। ভবন ভাঙার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, যেহেতু ভবনের কিছু অংশ ভেঙে গেছে, সেহেতু এ ভবনটি সরানোর জন্য বলেছি প্রধান শিক্ষককে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, বিদ্যালয়টি নদীর একদম কাছে। ইউপি চেয়ারম্যানকে ভবনটি খুলে অন্যত্র সরানোর জন্য বলেছি।