প্রতারণার অভিযোগে আটক ১

বরিশাল অফিস

চাকরি দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাত্ ও প্রতারণার অভিযোগে বরিশালে মাসুদ আলম (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ আলম পটুয়াখালী সদরের কাছিছিড়া গ্রামের মো. মোস্তফা মুন্সির ছেলে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, গ্রেফতারের সময় মাসুদ আলমের খাটের তোশকের নিচ থেকে অনুমোদনহীন এসডি টিভি চ্যানেলের আইডি কার্ড সংবলিত ছবি এবং মেসেঞ্জারে কথোপকথনের ১২টি স্কিন শর্টের কপি উদ্ধার করে র্যাব। জিজ্ঞাসাবাদ শেষে আটক মাসুদকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মামলা দায়েরের কথা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।