হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া করোনা রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর আদাবরে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া করোনা পজিটিভ এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম আব্দুল মান্নান খন্দকার (৪১)। গতকাল সকালে আদাবর ১৭/১৮ হোসেন হাউজিংয়ের সেনসেশন অ্যাপার্টমেন্টের পাশে কাঁঠালগাছে তার লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল মান্নান।

আদাবর থানার এসআই আব্দুল মোমিন জানান, আব্দুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে ১৫ জুন মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে গত শুক্রবার রাতে পালিয়ে আসেন। এরপর গতকাল সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত। তারা ঐ বাসাতে আইসোলেশনে আছেন। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মৃতের শ্যালক মুসা আজাদি বলেন, দুলাভাইয়ের করোনা শনাক্ত হওয়ার পর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ১৯ জুন রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতাল থেকে পালিয়ে আসেন। আপার সঙ্গে দুলাভাইয়ের রাতে কথা হয়েছিল। তখন দুলাভাই আপাকে ফোনে বলেন, ‘আমি তো একটু আগে মরে যাইতে লাগছিলাম। প্রচণ্ড কষ্ট হইছে।’ কী হয়েছিল জানতে চাইলে কল কেটে ফোন বন্ধ করে দেন দুলাভাই।