আরো ৩৭ জনের মৃত্যু, ৩২৪০ জন নতুন শনাক্ত

একদিনে আরো ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪২৫ জন। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন।

নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা শনিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই               সবশেষ তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬১টি পরীক্ষাগারে ১৪ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৫৭৯টি। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী ও বাড়িতে থেকে চিকিত্সা নেওয়াদের মধ্যে আরো ১ হাজার ৪৮ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সেরে উঠলেন ৪৩ হাজার ৯৯৩ জন।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ০৯ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩১ শতাংশ। মৃতদের বয়স ও এলাকাভিত্তিক বিশ্লেষণ এদিন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়নি। নাসিমা সুলতানা বলেছেন, পরে তারা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেবেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ৬২৮ জনকে। বর্তমানে সারাদেশে আইসোলেশনে ১১ হাজার ৯১৫ জন রয়েছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। গত ১৮ জুন দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। আমেরিকা ও দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত গতিতে বাড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, মহামারি এখন বিপজ্জনক পর্যায়ে রয়েছে।