বাংলাদেশসহ ১১১ দেশের নাগরিক ঢুকতে দেবে না জাপান

বিশেষ পরিস্থিতি ছাড়া বাংলাদেশসহ ১১১টি দেশের নাগরিকদের সাময়িকভাবে ঢুকতে দেবে না জাপান। তবে জাপান ছেড়ে যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। শুক্রবার ঢাকায় জাপান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ মে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ১০টি দেশকে জাপানে ভ্রমণের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আঞ্চলিকভাবে করোনা ভাইরাস বা কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশসহ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ১১১টি দেশে অবস্থান করা (১৪ দিনের মধ্যে ভ্রমণ করা) জাপানের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিশেষ পরিস্থিতি ছাড়া জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে জাপানের নাগরিকদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।

জাপান দূতাবাস জানায়, ঢাকা থেকে জাপানে ফ্লাইট বাতিলসংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দূতাবাসের নজরে এসেছে। প্রকৃতপক্ষে জাপানের বিমানবন্দরে প্রবেশের সময় জাপান কর্তৃপক্ষ আলাদা আলাদা ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে করোনা ভাইরাস লক্ষণগুলোর স্ব-ঘোষণা, শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয়তা বিবেচনায় পিসিআর টেস্টিং অন্তর্ভুক্ত রয়েছে। এটা গত ১৬ জুন থেকে ১১১টি দেশের যাত্রীদের জন্য বাধ্যতামূলক।

তবে এ কথা সত্য যে, গত ৩০ এপ্রিল একটি বিশেষ ফ্লাইটে (ঢাকা থেকে টোকিও যাওয়া) চার জন ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছে। তবে সংক্রমিত হওয়ার উত্স নিশ্চিত নয়। জাপান আশা করে, বাংলাদেশ শিগিগরই করোনা সংকট মোকাবিলা করতে সফল হবে। এক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে জাপান।

প্রসঙ্গত, ঢাকা-টোকিও বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে। গত ৩০ এপ্রিল বিশেষ ফ্লাইটটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিল জাপান দূতাবাস।