করোনার চাইতে সরকারের দুর্নীতিবাজরা শক্তিশালী:রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই মহামারির সময়েও অবিশ্বাস্য গতিতে চলছে দুর্নীতির এক্সপ্রেস ট্রেন। এই দ্রুতগতির ট্রেন থামানোর বদলে নানাভাবে প্রশ্রয় দিয়ে আসা হচ্ছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে।

গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতিবাজদের শাস্তির বদলে রক্ষার চেষ্টায় অনিয়ম বাড়ছে। দুর্নীতিবাজরা যেন দুর্নীতির উল্লাসের নৃত্য করছে এবং এই করোনাকালে বাধাহীন দুর্নীতির উত্সব চলছে বিভিন্ন সেক্টরে।

রিজভী বলেন, সরকারি প্রকল্পে অনিয়মের খবর প্রকাশের পর নড়েচড়ে বসে কোনো কোনো কর্তৃপক্ষ, গঠিত হয় তদন্ত কমিটি। তবে তা খুব কমই আলোর মুখ দেখে। শাস্তির বদলে অদৃশ্য কারণে রেহাই পায় দুর্নীতিবাজরা। তারপর বীরদর্পে তারা অব্যাহত রাখে দুর্নীতি।