লেভান্ডোভস্কির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক

শিরোপা নিশ্চিত হয়ে গেলেও বায়ার্ন মিউনিখ আর রবার্ট লেভান্ডোভস্কি আছেন আগের মতোই ক্ষুধার্ত। পোলিশ স্ট্রাইকারের জোড়া গোলে ফ্রেইবুর্গকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। এদিনের জোড়া গোলে পিয়েরে এমেরিক অবামেয়াংকে ছাড়িয়ে বুন্ডেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলদাতা বিদেশি খেলোয়াড়ও বনে গেছেন লেভান্ডোভস্কি।

শনিবার রাতে জশুয়া কিমিখের গোলে ১৫ মিনিটে এগিয়ে যাওয়া বায়ার্ন ব্যবধান বাড়ায় ২৩ মিনিটে। দিনে গোলের খাতা খোলেন লেভান্ডোভস্কি। এ গোলের সঙ্গে সঙ্গে বিদেশি খেলোয়াড় হিসেবে এক আসরে সর্বোচ্চ গোলের কীর্তি গড়েন তিনি। পেছনে ফেলেন ২০১৬-১৭ মৌসুমে বুরুসিয়া ডর্টমুন্ডের হয়ে অবামেয়াং এর করা ৩১ গোলের রেকর্ড।

৩৩ মিনিটে ফ্রেইবুর্গ ব্যবধান কমালেও ৩৭ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করে আগের ব্যবধান ফিরিয়ে আনেন লেভান্ডোভস্কি।

এদিনের জোড়া গোলের পর ৩৩ গোল নিয়ে বুন্ডেসলিগার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার পাঁচে চলে এসেছেন পোলিশ স্ট্রাইকার। ৩৪ গোল নিয়ে তার ঠিক সামনে আছেন ডিয়েটার মুলার, আর যথাক্রমে ৩৬, ৩৮ আর ৪০ গোল নিয়ে শীর্ষ তিনটি জায়গাই দখল করে আছেন কিংবদন্তি জার্ড মুলার। শেষ ম্যাচে তাই আরো একাধিক ধাপ পদোন্নতির সুযোগটাও থাকছে বায়ার্ন তারকার সামনে।

তবে কোচ ফ্লিক দলীয় দিকটাই আনছেন সামনে। বললেন, ‘রবার্ট জানে যে দলই আগে আসে। তার প্রাধান্যও দলই। আজই যেমন তিনটা গোলেই অবদান ছিল তার, যা সত্যিই অসাধারণ। তবে দলের কেউ যদি রেকর্ডের সামনে থাকে তাহলে দলও তাকে সাহায্য করবে এবং তাকে নিয়ে খুশি থাকবে।’