পাকিস্তানের জেলে বন্দি অবস্থায় রয়েছেন ৫৩৭ জন ভারতীয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি তালিকা প্রকাশ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্টে জানা যায়, ওই ৫৩৭ জন বন্দির মধ্যে ৫৪ জন সাধারণ নাগরিক এবং ৪৮৩ জন মত্স্যজীবী। খবর আনন্দবাজার পত্রিকা
ভারত ও পাক দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, দুই দেশকেই বছরে দুইবার করে বন্দিদের তালিকা প্রকাশ করতে হয়। ২০০৮ সালের ২১ মে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সরকারের পক্ষ থেকে ইসলামাবাদে ৫৩৭ জন ভারতীয় বন্দির তালিকা ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দেওয়া হয়।
ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হওয়া এই চুক্তি অনুযায়ী, দুই দেশকেই বছরে দুইবার করে এই তালিকা প্রকাশ করতে হয়। প্রত্যেক বছরের ১ জানুয়ারি প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকাটি ১ জুলাই প্রকাশিত হয়। তবে সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী জানা যায়, ভারতের জেলগুলোতে কতজন পাকিস্তানি বন্দি রয়েছে সেই তালিকা এখনো দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের কাছে এসে পৌঁছায়নি।
এদিকে পাকিস্তানের জেলে বন্দি ভারতীয় মত্স্যজীবীদের এই বিশাল তালিকাটি নিয়ে প্রশ্ন উঠেছে। দুই দেশেরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মত্স্যজীবীরা বেআইনিভাবে মাছ পাচার করার কারণে তাদেরকে আটক করা হয়। অনেক সময় মত্স্যজীবীদের নৌকাগুলোতে আধুনিক প্রযুক্তি না থাকায় সমুদ্রে তাদের বোঝা সম্ভব হয় না কোন দেশের জলসীমায় তারা রয়েছেন।