শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
চলতি বছর দাখিলে শিবচরে কাঁঠালবাড়ী সিনিয়র আলিম মাদ্রাসা থেকে সেরা ফলাফলধারী গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী দরিদ্র চা-বিক্রেতার মেয়ে খাদিজা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। চিফ হুইপের পক্ষ থেকে রবিবার দুপুরে উপজেলা পরিষদে খাদিজাকে ঘর তুলতে দুই বান্ডিল টিন ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা মুন্নি প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে খাদিজার এই ফলাফলের খবর পেয়ে চিফ হুইপ এই অদম্য মেধাবীর বাড়িতে নেতৃবৃন্দ দিয়ে মিষ্টি পাঠিয়েছেন। এছাড়াও ভবিষ্যত্ লেখাপড়ার জন্য জেলা পরিষদসহ বিভিন্ন সংস্থাকে বৃত্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।