মির্জাপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে বাবা-মার মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বাবা ও মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের ১৪ বছরের ছেলে অনিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: অভিরামপুর গ্রামের মো.ওয়াজউদ্দিনের ছেলে মো. শাজাহান মিয়া (৩৬) এবং তার স্ত্রী এলেনা বেগম (৩০)। এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে। নিহতদের লাশ পরিবার বুঝে নিয়ে তাদের দাফন কাজ সম্পন্ন করেছেন। এ ব্যাপারে পিডিবির (ওয়াপদার) সখীপুর জোনের উপবিভাগীয় প্রকৌশলী মো.সাহাগীর হোসেন বলেন, যারা অবৈধভাবে বিদ্যুত্ লাইন সংযোগের সঙ্গে জড়িত তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।