সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসক, বরিশাল স্মারক নম্বর ০৫.১০.০৬০০.১১২.৫৮.০২৭.২০.৬৯০, তারিখ ২০ এপ্রিল ২০২০ অনুযায়ী বরিশাল সিটি করপোরেশন এলাকার বাজারসমূহ উন্মুক্ত মাঠে স্থানান্তরের আদেশ জারি করেন। বরিশাল সিটির চৌমাথা বাজার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হলেও বাজার কমিটি জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সিঅ্যান্ডবি রোডের পূর্ব পাশের আবাসিক এলাকায় জনগণের চলাচলের সড়কে বসান। ফলে আবাসিক এলাকায় বাজার চালু হওয়ায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত হচ্ছে না। করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার নিমিত্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের বিধিনিষেধ উপেক্ষিত হচ্ছে। তাছাড়া জীবন ও জীবিকার তাগিদে গত ৩১ মে থেকে লকডাউন শিথিল হওয়ায় সড়কে যান চলাচল বেড়ে গিয়েছে। দুর্ঘটনাও ঘটছে প্রায়ই। এ অবস্থায়, সরকারি নির্দেশনা অনুযায়ী চৌমাথা বাজার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মাঠে স্থানান্তর করে এলাকার বাসিন্দাদের করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে আকুল আবেদন জানাচ্ছি।
এ এস এম মিজানুর রহমান
প্রশাসনিক কর্মকর্তা,
বিএডিসি, বরিশাল (ক্ষুদ্রসেচ) সার্কেল, বরিশাল