আইনি উদ্যোগ এবং সচেতনতার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)সহ বিশ্বের তিনটি বেসরকারি সংগঠনকে সম্মানজনক ট্যাংগ ফাউন্ডেশন পুরস্কার প্রদান করেছে তাইওয়ানভিত্তিক দি ট্যাংগ ফাউন্ডেশন। ‘আইনের শাসন’ ক্যাটাগরিতে এ পুরস্কার পাওয়া অন্য দুটি সংগঠন হচ্ছে লেবাননের প্রতিষ্ঠান ‘দি লিগ্যাল এজেন্ডা’ এবং কলম্বিয়ার প্রতিষ্ঠান ‘দি জাস্টিসিয়া’। ২০১২ সালে প্রবর্তিত এ পুরস্কার এবারই প্রথম পেল কোনো বাংলাদেশি সংগঠন। গতকাল মোট চারটি ক্যাটাগরিতে প্রদত্ত এ পুরস্কাররের মধ্যে ‘আইনের শাসন’ ক্যাটাগরির পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্তদের আগামী ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা এবং মেডেল ছাড়াও তিনটি সংগঠনের মধ্যে পুরস্কারের আর্থিক মূল্য ১ দশমিক ৩৩ মিলিয়ন (১৩ লাখ ৩০ হাজার) মার্কিন ডলার সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তাছাড়াও পুরস্কারপ্রাপ্ত সংগঠনগুলো গবেষণামূলক কাজ করার জন্য আরো অতিরিক্ত ০ দশমিক ৩৩ মিলিয়ন (৩ লাখ ৩০ হাজার) মার্কিন ডলার অনুদান পাবে যা তাদের মধ্যে সমভাবে বণ্টিত হবে।
তাইওয়ানের বেসরকারি উদ্যোক্তা ড. স্যামুয়েল ইয়িন ২০১২ সালে এ পুরস্কার প্রবর্তন করেন। ১৯৯২ সালে ড. মোহিউদ্দিন ফারূকের উদ্যোগে প্রতিষ্ঠিত তরুণ আইনবিদদের সংগঠন হিসেবে যাত্রা শুরু করা বেলা দেশে পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
বেলা ২০০৩ সালে ইউনেপের গ্লোবাল ৫০০ রোল অব অনার্স পুরস্কার, ২০০৭ সালে সরকার কর্তৃক পরিবেশ পুরস্কার ও ২০০৯ সালে এম সলিমুল্লাহ মেমোরিয়াল গোল্ড মেডেল পুরস্কার পেয়েছে। বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ২০০৯ সালে গোল্ডম্যান ইনভায়রনমেন্ট পুরস্কার এবং ২০১২ সালে র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি