স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
করোনা ভাইরাসের কারণে আগামী ২৩ জনু হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উত্সব জগন্নাথ দেবের রথযাত্রা স্থগিত করা হয়েছে। সরকারি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নির্দেশনায় নারায়ণগঞ্জে বিশাল আকারে এই রথযাত্রা পালন না করার সিদ্ধান্ত নিয়েছে জেলা ও মহানগর পূজা উদ্যাপন পরিষদ। তবে প্রতিটি মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে শুধু ধর্মীয় আনুষ্ঠানিক নিয়ম পালন করা হবে। তাই সবাইকে রথযাত্রায় মন্দিরে এসে ভিড় না করার আহ্বান জানান জেলা ও মহানগর উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ।
জেলা টানবাজারস্থ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক সাহার কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান নেতৃবৃন্দ। এ বিষয়ে জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন জানান, সরকারি বিধি-নিষেধ ও বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির নির্দেশনা মেনে রথযাত্রায় আমরা নারায়ণগঞ্জে এবার শুধু ধর্মীয় নিয়ম পালন করব। রথযাত্রায় যে শোভাযাত্রা হতো তা এবার করা হবে না।