ইত্তেফাক রিপোর্ট
ওয়াসাকে সতর্ক করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, এখন থেকে নর্দমা পরিষ্কার করে সড়কে ময়লা ফেলে রাখলে জরিমানা করা হবে। প্রয়োজনে ওয়াসার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রবিবার নগরীর ২২ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন নর্দমায় বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ওয়াসাকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন।
ডিএসসিসি মেয়র জনতার উদ্দেশ্যে বলেন, এ কার্যক্রম স্বল্প সময়ের জন্য নয়, চলমান থাকবে এবং প্রতিটি ওয়ার্ডের সব নর্দমা মাসে দুইবার করে পরিষ্কার করা হবে। জনগণকে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও যদি নর্দমা আটকে যায়, যদি উপচে পড়ে কিংবা যদি কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়, তাহলে কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। তারপরও যদি সুরাহা না হয়, তাহলে সরাসরি আমাকে জানাবেন। এসময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, ২২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।