খুলে দেওয়া হলো রাইড শেয়ারিং চলবে না বাইক

দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল রবিবার রাইড শেয়ারিংয়ে যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে রাইড শেয়ারিংয়ে চলা মোটরসাইকেল আপাতত চলবে না। গতকাল এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

গতকালই বিআরটিএর ওয়েবসাইটে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, রাইড শেয়ারিং কোম্পানিগুলোর শুধু মোটর কার, জিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স চলবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে আজ সোমবার থেকে এগুলো চলাচল করবে। তবে ঢাকা মেট্রো, গাজীপুর মেট্রো, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলার মধ্যে তাদের চলাচল করতে হবে।

রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা অনুযায়ী যারা লাইসেন্স পেয়েছেন, শুধু তারাই এই সেবা দিতে পারবেন। বিআরটিএতে জমা থেকে রাইড শেয়ারিং কোম্পানিগুলোর মধ্যে যেসব গাড়ির নম্বর জমা দেওয়া আছে, শুধু সেই গাড়িগুলোই চলাচল করবে। লিস্টের বাইরে নতুন কোনো গাড়ি এখনই অন্তর্ভুক্ত হতে পারবে না।