রাঙ্গুনিয়ার হোসনাবাদ ইউনিয়নের হূদয়েরকূল গ্রামে পান্না দত্ত নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। যৌতুকের জন্য শ্বশুর বাড়ির লোকজন ঐ গৃহবধূকে নির্যাতন ও বিষ প্রয়োগে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিচ্ছে বলে গৃহবধূ ও স্বজনদের অভিযোগ। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পান্না দত্ত রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের খীল গ্রামের সুভাষ দত্তের স্ত্রী। সুভাষ দত্ত খাগড়াছড়ি জেলায় একটি স্কুলের শিক্ষক এবং সেখানে থাকেন। পান্না দত্তের বাবার বাড়ি পটিয়া উপজেলার দক্ষিণভূর্ষি গ্রামে। তার পিতা মৃত মনোরঞ্জন মিত্র।
পান্না দত্তের ভাই পিযূষ মিত্রের অভিযোগ, তার বোনকে শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই নির্যাতন করত। স্বামী সুভাষ বিভিন্ন সময়ে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য মারধর করত। বোনের কথা ভেবে টাকাও দেওয়া হতো। সাম্প্রতিক সময়ে কয়েক দফায় ২ লাখ টাকা দেওয়া হয়। গত ১৪ জুন আবারও তার স্বামী টাকা চায়। এর জের ধরে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তার বোনকে নির্যাতন করে জোরপূর্বক বিষ খাইয়ে দেয়। এর দুই দিন পর ১৬ জুন তার বোন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।’