কোভিড-১৯ : বিমানযাত্রীদের সুরক্ষা দেবে ‘বায়ুঢাল’

করোনা ভাইরাসের প্রভাবে ফেব্রুয়ারি থেকেই বন্ধ রয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল। মূলত করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতেই এয়ারলাইন্স কোম্পানিগুলো বিমান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়। কিছু কিছু দেশে লকডাউন তুলে দেওয়া কিংবা সীমিত করার পর ছোট পরিসরে চালু করা হয়েছে বিমান চলাচলও। কিন্তু কোভিড-১৯ নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া প্রচ্ল ভীতির কারণে বিমান ভ্রমণ ৮০ শতাংশ পর্যন্ত কমে গেছে। তাই করোনা ভাইরাস থেকে সুরক্ষা দিতে এবং যাত্রীদের আস্থা ফেরাতে এবার বিশেষ এক ধরনের অদৃশ্য বায়ু ঢাল ব্যবহারের কথা চিন্তা করছে কোন কোন এয়ারলাইন্স কোম্পানি।

করোনা ভাইরাসের কারণে বিমানের মাঝের আসনগুলোতে যাত্রী বহন না করার যে জটিলতা ছিলো সেই সমস্যারও সমাধান মিলতে পারে এই অদৃশ্য বায়ু ঢালে। এই বায়ু ঢাল এমনভাবে কাজ করবে যা যাত্রীকে চারিদিক থেকে ঘিরে রাখবে। যে কোন ধরনের রোগের জীবাণু, ভাইরাস, ব্যাক্টেরিয়া থেকে সুরক্ষা দেবে। থ্রি ডি প্রযুক্তির এই ঢালটি যাত্রীর চারপাশে এক ধরনের হালকা রঙের আলো থাকবে; যাত্রী চাইলে এই আলোতে বইও পড়তে পারবে। কিন্তু এটির মূল কাজ হবে ভাইরাস, ব্যাক্টেরিয়া বা যে কোন ধরনের জীবাণু থেকে যাত্রীকে সুরক্ষা দেওয়া। যুক্তরাষ্ট্রের সিয়াটল ভিত্তিক প্রযুক্তি কোম্পানি তিয়াগু এই বিশেষ ধরনের বায়ু ঢাল যন্ত্রটি তৈরি করেছে। 

আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা আইএটিএ’র তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি থেকে বিমান চলাচল কমে যাওয়া এবং দীর্ঘদিন বন্ধ থাকায় ইতিমধ্যে ক্ষতি ৪০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এভাবে চলতে থাকলে ২০২১ সালের আগেই এই ক্ষতি ৮৪ হাজার কোটি ডলার ছাড়াবে। ক্ষতি কমাতে অনেক কোম্পানি ইতিমধ্যে কর্মী ছাটাই শুরু করেছে। এমিরেটস এয়ারলাইন্স এক তৃতীয়াংশ কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাস সবচেয়ে বেশি ভয়াবহ প্রভাব ফেলেছে। আর এয়ার লাইন্স ব্যবসা অনেকটাই নির্ভর করে এই অঞ্চলের ওপর। তাই এ অঞ্চলের বিমান চলাচল স্বাভাবিক করতে নানামুখী পদক্ষেপের কথা চিন্তা করছে এসব দেশের এয়ারলাইন্স কোম্পানিগুলো। মাঝের এক সারিতে যাত্রী না বসিয়ে বিমান চালাতে গেলে কোম্পানিগুলোর আয়ে বড়ো ধরনের প্রভাব পড়তো। বিশেষ এই বায়ু ঢাল হতে পারে সেই পদক্ষেপেরই একটি ভালো উপায়। এই পদ্ধতি ঠিকঠাক কাজ করলে এবং এতে যাত্রীদের আস্থা ফিরলে হয়তো তুলনামূলকভাবে দ্রুত সমস্যার বেড়াজাল থেকে বের হয়ে আসতে পারবে এয়ারলাইন্স কোম্পানিগুলো।-সিএনএন