সাঁথিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

পাবনার সাঁথিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি সোবাহান (৪০) নিহত হয়েছে। সে উপজেলার করমজা সরদার পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। গত শনিবার দিবাগত রাতে পাড় করমজা কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সোবাহানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাতেই বেড়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রবিবার ভোরে সে মারা যায়। এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবল আহত হয়। ঘটনাস্থল থেকে ৩০ গ্রাম হেরোইন, একটি ওয়ান স্যুটার গান, এক রাউন্ড গুলি, একটি হাসুয়া ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ওসি আসাদুজ্জামান জানান, সোবাহান পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সাঁথিয়া, বেড়া ও শাহজাদপুর থানায় প্রায় ১৫টি মাদকের মামলা রয়েছে। তার লাশ পাবনা মর্গে পাঠানো হয়েছে।