গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জানালেন, তার গলায় ব্যথা রয়েছে। তবে সার্বিকভাবে অবস্থার উন্নতি হচ্ছে। গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিত্সাধীন জাফরুল্লাহ চৌধুরী গতকাল রবিবার রাত ৯টায় ইত্তেফাককে টেলিফোনে বলেন, ‘আমার গলাটা খারাপ, কিন্তু উন্নতি হচ্ছে। সবাই আমার জন্য দোয়া কোরো।’ গলাব্যথার কারণে কথা বলতে কষ্ট হচ্ছিল তার, এ সময় তিনি কাশছিলেন।
জাফরুল্লাহ চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিত্সকেরা জানান, তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালোর দিকে। ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণও কিছুটা কমেছে। তিনি নিজেই খাবার খেতে পারছেন। নিজেই টয়লেটে যেতে পারেন। এখন আর অক্সিজেন সাপোর্টও লাগছে না। নিয়মিত কিডনির ডায়ালাইসিস হচ্ছে। এ অবস্থার মধ্যেও হাসপাতালের কেবিনে বসেই ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ :২০২০-২১ বাংলাদেশ বাজেট’ সংক্রান্ত একটি প্রবন্ধ লিখছেন জাফরুল্লাহ চৌধুরী।