সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দুই সপ্তাহের  বেশি সময় ধরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিত্সাধীন। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। তার ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান বলেন, যেসব সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন, তার বেশির ভাগই ভালোর দিকে। হাত-পা নাড়াচাড়া করছেন। ধীরে ধীরে কিছুটা কথাও বলতে পারছেন।

মজিবুর রহমান আরো বলেন, ‘চিকিত্সকেরা বলেছেন, আজ সোমবারও আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে তাকে। শারীরিক অবস্থা এভাবে উন্নতির দিকে গেলে আগামীকাল মঙ্গলবার তাকে কেবিনে স্থানান্তর করা হবে।’ এদিকে দলের ত্যাগী প্রবীণ এই নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

৭৭ বছর বয়সি সাহারা খাতুন জ্বর, অ্যালার্জি, বার্ধক্যজনিত নানা সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর পরিস্থিতির অবনতি হলে শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। দফায় দফায় করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট আসে তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিত্সার খোঁজ-খবর নিচ্ছেন।