পুরান ঢাকার নারিন্দার ভূতের গলি থেকে ১ লাখ ৪০ হাজার নকল মাস্ক ও মাস্ক তৈরির উপকরণসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন নকল মাস্কের কারখানার মালিক খালিদ ইমরান, এমডি রেহান ইউসুব, কর্মচারী আব্দুস সোবহান, জিতু চন্দ্র দাস ও ওসমান গণী। গতকাল কারখানা থেকেই তাদের গ্রেফতার করা হয়।
সিআইডির অতিরিক্ত এসপি রাজীব ফরহান জানান, সানরাইজ ব্যাগ কোম্পানি নামে একটি চক্র করোনা প্যানডেমিক ছড়িয়ে পড়ার পরে নকল মাস্ক তৈরি করে আসছিল। ওয়ারীর নারিন্দার ভূতের গলিতে তাদের কারখানা।
দেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে ঠিকাদারের মাধ্যমে এই চক্র বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের নকল মাস্ক সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করা হয়েছে।