করোনা ভাইরাস মোকাবিলার জন্য উপযোগী বাজেট এবার হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, যারা বেকার হয়ে যাচ্ছে, তাদের কর্মসংস্থানের জন্য বাজেটে বরাদ্দ রাখা উচিত। কেননা, করোনার প্রভাবে দেশের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মহীন হয়ে দেশে আসবেন। শনিবার ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্স অর্গানাইজেশন (ইডিআরও) আয়োজিত বাজেটবিষয়ক এক অনলাইন সেমিনারে তারা এসব কথা বলেন। তারা বলেন, বেকারত্ব দূরীকরণে অতিরিক্ত ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা উচিত।
অনলাইন সেমিনারে বক্তব্য দেন অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. এ কে এম মুক্তারুল ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক মো. মহিউদ্দিন সিদ্দিক, দৈনিক ইত্তেফাকের বিজনেস অ্যান্ড ইকোনমিক এডিটর জামাল উদ্দীন, পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ এম জাকির হোসেন, ব্যাংকার ও লেখক মো. মাজেদুল হক প্রমুখ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসেনের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইডিআরওর গবেষণা সহকারী হেলাল আহাম্মেদ জনি।