ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাসপাতালের চিকিত্সক ও নার্সের অবহেলার কারণে সজিব মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার বিকেলে আখাউড়া হাসপাতালে চিকিত্সাধীন থাকা অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। সন্ধ্যায় পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।
জানা গেছে, উপজেলার জাঙ্গাল গ্রামের হেবজু মিয়ার ছেলে সজিব মিয়া। সে ছিল একজন সিএনজিচালক। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আখাউড়া হাসপাতালে ভর্তি হন সজিব। চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়।
সজিবের চাচা মাহফুজ মিয়া বলেন, হাসপাতালের এক নার্স ইনজেকশন দেওয়ার পর সজিব মৃত্যুর কোলে ঢলে পড়ে। তিনি অভিযোগ করে বলেন, সজিবকে দেওয়া ইনজেকশনের মেয়াদ ছিল না। এতে সজিবের মৃত্যু হয়। সজিবের মৃত্যুর আগে ডাক্তার ও নার্সেকে ডেকেও পাওয়া যায়নি।
এ বিষয়ে আখাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুম মুনিরা বলেন, জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন ডা. শাহরিয়ার আজাহার। তবে কি কারণে রোগীর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হবে।
আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুল আমিন বলেন, ময়নাতদন্তের জন্য সজিবের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর কি কারণে সজিবের মৃত্যু হয়েছে, তা জানা যাবে।