বিশ্ববাসী করোনাভাইরাসে আতঙ্কিত। এর ভয়াবহতা বেড়ে চলেছে। অথচ করোনা নামটির অর্থ অনেক সুন্দর। করোনাভাইরাস শব্দটি ল্যাটিন ভাষার করোনা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো মুকুট।
করোনাভাইরাস বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও করোনাযোদ্ধাদের অবদান মনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ স্মারক ডাকটিকিট ও স্লোগানসহ মেশিন ক্যান্সেলর প্রকাশ করেছে। সর্বপ্রথম এ বছর ১৭ মার্চ ইরান একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে—এতে স্থান পেয়েছে মাস্ক পরিহিত মেডিক্যাল স্টাফদের ছবি। এরপর ৩১ মার্চ ভিয়েতনাম থেকে প্রকাশিত দুটি ডাকটিকিটের একটিতে করোনাযোদ্ধা স্বাস্থ্যকর্মী, সেনা ও পুলিশ সদস্যসহ সাধারণ মানুষ এবং অপরটিতে অ্যান্টিভাইরাস, ওষুধ ও ভ্যাক্সিন আবিষ্কারে নিয়োজিত বিজ্ঞানী ও ডাক্তারদের ছবি রয়েছে। ৬ এপ্রিল সুইজারল্যান্ড সারচার্জযুক্ত ডাকটিকিট প্রকাশ করে। এই সারচার্জের টাকা করোনা আক্রান্তদের সহযোগিতায় ব্যয় হবে। ৪ মে আইল অব ম্যান (Isle of Man) ৮টি ফার্স্ট ক্লাশ মেইল ডাকটিকিট প্রকাশ করে। ডাকটিকিটগুলোতে করোনাযুদ্ধে নিয়োজিতদের প্রতি ভালোবাসা, বিশ্বাস, সেবা প্রদানের আহ্বান জানানো হয়েছে। ৫ মে মরক্কোর সারচার্জযুক্ত ডাকটিকিটে করোনা রোগীদের সেবায় নিয়োজিত ডাক্তার, মেডিক্যাল স্টাফ, পুলিশ সদস্য ও জনসাধারণের ছবি স্থান পায়। এছাড়া ১৬ মার্চ আমেরিকা করোনাভাইরাসের গাইডলাইন সম্বলিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণীসহ প্রিপেইড পোস্টকার্ড প্রকাশ করে। এপ্রিল মাসে আয়ারল্যান্ডও প্রকাশ করে প্রিপেইড পোস্টকার্ড। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও ক্রোয়েশিয়া স্লোগানযুক্ত মেশিন ক্যান্সেলর এবং ইন্দোনেশিয়া, বসনিয়া হার্জেগোভিনা ও স্পেন পার্সোনালাইজড ডাকটিকিট প্রকাশ করেছে।
বাংলাদেশ ডাক বিভাগ এ পর্যন্ত কিছু প্রকাশ করেনি।